সামাজিক মাধ্যমে রোনালদোর অনন্য রেকর্ড

১৫ সেপ্টেম্বর, ২০২৪ ২২:২৬  

ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১ বিলিয়ন বা ১০০ কোটি অনুসারীর অনন্য রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১৩ সেপ্টেম্বর তিনি এই রেকর্ড গড়েন।

ইন্সটাগ্রামে ৬৩৯ মিলিয়ন, ফেসবুকে ১৭০ মিলিয়ন এবং এক্স-এ (পূর্বের টুইটারে) ১১৩ মিলিয়ন অনুসারী যুক্ত রয়েছে রোনালদোর প্রোফাইলের সাথে। নিজের ইউটিউব চ্যানেলের ৬০ মিলিয়ন অনুসারী যোগ করলেই সংখ্যাটা ১ বিলিয়ন (১০০০ মিলিয়ন বা ১০০ কোটি) ছাড়িয়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘ইউআর . ক্রিশ্চিয়ানো’তে ৩ সপ্তাহের একটু বেশি সময়ের মধ্যেই ৬০ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছেন তিনি। এর মধ্যে প্রথম ১ মিলিয়ন এসেছে মাত্র ৯০ মিনিটে।

ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ৩৭টি ভিডিও আপলোড করেছেন রোনালদো এবং বর্তমানে চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যা ৬১.৩ মিলিয়ন। সাবস্ক্রাইবার সংখ্যার দিক থেকে তাঁর চ্যানেলটি ইউটিউবের শীর্ষে পৌঁছে যেতে পারে চলতি বছরেই- এমনটাই ধারণা করছেন অনেকে।

অনুসারী সংখ্যা ১ বিলিয়ন ছাড়িয়ে যাবার পর নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে রোনালদো লিখেছেন, “আমরা ইতিহাস গড়েছি, এক বিলিয়ন ফলোয়ার! এটি একটি সংখ্যার চেয়েও বেশি কিছু।” ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, এই অর্জন ফুটবলের প্রতি আমাদের সম্মিলিত আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। 

ডিবিটেক/বিএমটি